হারাণ,ঈশ্বর আর আমি






হারাণ,ঈশ্বর আর আমি


আমার ঘিলুর জল বাষ্পীভূত সকালে বিকেলে
খালি পায়ে অলাতচক্র ভ্রমণ করি আমি ,আজকাল
হারাণ জেলের গুটিয়ে নেওয়া জালে চুনোপুঁটি, কুচোচিংড়ির দল
অমাবস্যার গুটোনো আলোয় নক্ষত্রের সমাবেশ
আর আমার বাষ্পীভবন !
কলার দুদিকেই উচিয়েছি আজ
প্যান্টের পকেট টেনে ঝুলিয়েছি বাইরে
'কান দ্বারা কলরোল শুনি
'কান দিয়ে ঔদ্ধত্য বোঝাই
'কান কর্তৃক শূন্যতার গর্ব করি

হারাণ জাল নামায় পুকুরে,
গুটোতেই থাকে ,
আমার চোখের মতো খুদে খুদে মাছ ধরা পড়ে
আমার চোখের গ্রন্থি ছিঁড়ে খায় বাষ্পীভবন
আমার ঘিলুর জল উবে যায় ধীরে
অলাতচক্র ভ্রমণ করতে করতে প্রশ্বাস নিই
ফুলে ওঠে ফুসফুস
প্রসারণশীল ব্রক্ষ্মাণ্ডও ফুলতে ফুলতে নক্ষত্রদের দূরত্ব বাড়ায়!
আর প্রিয়তম হারাণ গুটোতে গুটোতে ছেড়ে দেয়
ফুলে ওঠে জাল জলের ভেতর
আবার পুঁটিদের শোরগোল, আবার চিংড়ির মাটিখোঁজা !
আমার শিশ্ন থেকে ঝরে যায় জন্মসম্ভাবনাঅযুত শুক্রাণুর নিম্নগামী নিশ্চুপ মিছিল

প্রসারণশীল ব্রক্ষ্মাণ্ডেরও ইচ্ছে হয় !
মাঝে মাঝে বৃষ্টি নামে সহজ সরল
মাঝে মাঝে ধূমকেতু, তারাপাত হয়
হারাণ, ঈশ্বর আর আমি
আজকাল আগুনবৃত্তে হাঁটাহাটি করি
হারাণ, ঈশ্বর আর আমি
বহুকাল
উন্মাদচিকিৎসালয়ের ঘনিষ্ঠ বন্ধু

Comments

Popular posts from this blog

প্রতিধ্বনি

মাছ ১

কুকুর ১