রিভেঞ্জ
রিভেঞ্জ এক্সামের আগের রাতে একটা মাঝারি সাইজের পোকা ভীষণ জ্বালাচ্ছিল । কানে এসে বসে, নাকে খোঁচা দেয়, গালে কুটুস কামড়ায় । রাত দুটোয় ঘুমনোর পূর্বমুহূর্তে, আমি বইয়ের কভার দুটো দুহাতে ধ’রে, পোকাটিকে পিষে দিলাম বইয়ের ভেতরে । একমাস পরে বইটি খুলতেই দেখি, একটা পেজের দুটো শব্দ ঢেকে চিরঘুমে জ্বালাতুনে পোকা । শবদেহ খুঁটতেই শব্দ দুটো উঠে গেল । সেই থেকে ওই লাইনটা, ওই পেজটা, ওই চ্যাপ্টারটা আর পড়তেই পারছি না ।