কুকুর ১ এককালে আমাদের তল্লাটে ঘরে-ঘরে অলিতে-গলিতে অনেক কুকুর ছিল। বাড়ির পোষ্যের জন্য বাবা প্রতিদিন পাঁচ-সাতশ মাংস কিনে আনত ,মা ছোট ছোট পিস বানাত মন দিয়ে ,বৌ রান্না করত। আমি জুলজুল চোখে শুধু আলুসেদ্ধ-ভাত খেয়ে অফিস চলে যেতাম। সেখানে বসের সামনে কুঁইকুঁই ,একা চেম্বারে ঘরঘর করতে করতে সন্ধেবেলায় ঘরে ফিরলে পোষা কুকুর ঝাঁপিয়ে পড়ত কোলে । নিজের মধ্যে প্রতিনিয়ত ঘেউঘেউ করতে করতে এক সন্ধ্যায় আমি কুকুর হয়ে গেলাম, ড্রয়িং রুম থেকে সিঁড়ি পেরিয়ে নেমে এলাম রাস্তায় । অচেনা কুকুর দেখে পাড়ার কুকুরেরা তেড়ে এল, ছেঁকে ধরল, কামড়ে দিল ঘাড়। আমার ঘেউঘেউ এল না, কুঁইকুঁই করতে করতে নিজের ড্রয়িং রুমে ফিরে দেখি, পোষ্য কোলে বাবা খবর শুনছে, মা উল বুনছে,বৌ বিস্কুট খাচ্ছে । আমাকে দেখে ছেইছেই করে তাড়িয়ে দিল । সেই থেকে আমি না-ঘরকা না-ঘাটকা হয়ে বাড়ির সদর দরজায় বসে থাকি । পথচলতি লোকজন ভাবে, প্রভুভক্ত কুকুর পাহারায় আছে। কিন্তু আমি এতোদিনে জেনে গিয়েছি , মানুষের চেয়ে প্রকৃত কুকুর হওয়া অনেক কঠিন ।
Comments
Post a Comment